
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝের ছড়া গ্রামে রবিবার ২২ মার্চ দিবাগত রাত ১২টার দিকে রহস্যজনক অগ্নিকাণ্ডে মোঃ শফিকুল ইসলামের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
দোকানদারের তথ্য অনুযায়ী, দোকানে প্রায় ৩.৫–৪ লাখ টাকার মালামাল ছিল, এবং নগদ ৩২ হাজার টাকাসহ সবই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দোকানদার মোঃ শফিকুল বলেন, “আমি রাতের সময় প্রায় ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে এলাকাবাসী চিল্লাচিল্লি শুনে আমি দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। দোকানের ভিতরে বিদ্যুতিক বাতি জ্বলছিল এবং পাশে কাঠির মধ্যে কাপড় পেঁচানো অবস্থায় পড়ে ছিল। আমার ধারণা, এটি কোনো দুর্ঘটনা বা বৈদ্যুতিক কারণে হয়নি; সম্ভবত পূর্বশত্রুতার জেরে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। আমি আশা করি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দ্রুত আমার সহায়তায় এগিয়ে আসবে।”
স্থানীয় বাসিন্দা আল মামুন জানান, রাতের অন্ধকারে পাশের বাঙ্গালভিটা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা দূর থেকে আগুনের শিখা দেখতে পান। তারা দ্রুত এলাকাবাসীকে ডাকেন এবং সবাই মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানদার প্রশাসনের কাছে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আবেদন করেছেন, যাতে তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং দোষীদের আইনের আওতায় আনবেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬