ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে একটি সমন্বিত প্রতিবেদন তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রতিবেদন প্রণয়নের জন্য একটি রূপরেখা প্রস্তুতের নির্দেশ দিয়েছে সংস্থাটি। আগামী ১৫ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট শাখাকে এ রূপরেখা জমা দিতে বলা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখা বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক চিত্র তুলে ধরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে। এর আগে কীভাবে প্রতিবেদনটি তৈরি করা হবে, সে বিষয়ে একটি কাঠামো বা রূপরেখা নির্ধারণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবেদন তৈরির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
ইসির তথ্য অনুযায়ী, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতে বিচারাধীন থাকায় স্থগিত রয়েছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল হওয়ায় ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি; সেখানে আগামী ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। একই দিনে বগুড়া-৬ আসনেও নির্বাচন হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রার্থীদের মধ্যে নারী ছিলেন ৮৩ জন—দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন। বিএনপির নারী প্রার্থী ছিলেন ১০ জন। তবে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থী দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি।
দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। শেরপুর-৩ আসনের ৪ লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার ভোট দিতে না পারায় এবারের নির্বাচনে কার্যত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।
ঘোষিত ফলাফলে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি এবং জাতীয় নাগরিক পার্টি ৬টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। ইসলামি আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন—প্রতিটি দল পেয়েছে ১টি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬