এনডিটিভি
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বাংলাদেশভিত্তিক জঙ্গি গোষ্ঠীর মদদে ভারতে বড় ধরনের নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহিদ ও মোহাম্মদ উজ্জ্বল। তাদের তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার একটি গার্মেন্টস কারখানা থেকে আটক করা হয়। বাকি দুজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অভিযোগ আছে, তারা ভুয়া আধার কার্ড ব্যবহার করছিলেন পরিচয় গোপন রাখতে।
তল্লাশিতে তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তামিলনাড়ু পুলিশ তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করছে। ঘটনার তদন্ত চলছে।
এর একদিন আগে নিরাপত্তা সংস্থার সূত্রে জানা যায়, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকা এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে বিস্ফোরণের পরিকল্পনা করছে। চাঁদনি চক এলাকার একটি মন্দিরও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়। সূত্রের দাবি, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ছক কষা হচ্ছিল।
সূত্রগুলো আরও জানায়, ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে ৩১ জন নিহত ও ১৬০ জনের বেশি আহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা করা হতে পারে। যদিও ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট গোষ্ঠী।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর ২০২৫ দিল্লির ঐতিহাসিক লালকেল্লা সংলগ্ন এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে ১২ জন নিহত এবং প্রায় দুই ডজন মানুষ আহত হন। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হলে আশপাশের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণের সময় গাড়িটি চালাচ্ছিলেন ফারিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর মোহাম্মদ, যিনি উমর উন নবী নামেও পরিচিত।
ঘটনার দিন রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফারিদাবাদে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক, যার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেটও ছিল, উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, মডিউলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ডা. মুজাম্মিল শাকিল ও ডা. আদিল রাদারকে গ্রেপ্তার এবং বিস্ফোরক জব্দের পর উমর মোহাম্মদ আতঙ্কিত হয়ে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটান।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬