
প্রবাসী আয়ে ফের ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনেই দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি প্রবাসী আয় ছিল ১৪৯ কোটি ডলার। আর চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ কোটি ৭০ লাখ ডলারে। শুধু ১৬ ফেব্রুয়ারিতেই এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার।
প্রবাসী আয় বাড়ায় ব্যাংকগুলো থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম ৬ হিসাবপদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এর আগে ৭ ফেব্রুয়ারি মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার; বিপিএম ৬ অনুযায়ী তা ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ ডলার করে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। গত দুই মাস ধরে প্রবাসী আয় বাড়তির দিকে। চলতি বছরের জানুয়ারিতে দেশে এসেছে ৩১৭ কোটি ডলার, আর তার আগের মাস ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার। এর আগে টানা পাঁচ মাস প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের নিচে ছিল।
ব্যাংক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, সাধারণত দুই ঈদের আগে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ে। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচনকে ঘিরেও প্রবাসী আয় কিছুটা বেড়েছে। যেসব দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা বেশি, সেসব দেশ থেকেই বেশি অর্থ আসে। কেউ কেউ বিদেশে তহবিল সংগ্রহ করে তা প্রবাসী আয়ের মাধ্যমেই দেশে পাঠান বলেও জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬