নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ রাখতে ‘দায়িত্বশীল ভূমিকা’ রাখায় তিন রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফোনালাপে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের কারণে নির্বাচন ঘিরে সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলেন। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানান।
পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে সাফল্য এবং নির্বাচন-পরবর্তী সময়ে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তাদের ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন। ২৯৭ আসনে ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬