
প্রখ্যাত বাঁশিবাদক ও সংগীতশিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর নামে প্রবর্তিত ‘বারী সিদ্দিকী পদক’ অর্জন করেছেন সাংবাদিক মাসুম বিল্লাহ রাকিব। তিনি বাংলাদেশ বুলেটিন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সিনিয়র সাব-এডিটর এবং ‘প্রেসক্লাব নকলা’র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত স্মরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়। প্রয়াত বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। প্রধান আলোচক ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ফিরোজ হায়দার খান।
পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় মাসুম বিল্লাহ রাকিব বলেন, ‘পুরস্কারপ্রাপ্তি বরাবরই গর্ব ও সম্মানের। সাংবাদিক হিসেবে এ পুরস্কার পেয়ে আমি আনন্দিত। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই প্রাপ্তি। বারী সিদ্দিকী স্মৃতি পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে মনোনীত করার জন্য।’
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফি মণ্ডল, শাহনাজ বেলী, আশরাফ উদাস, নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, লিটা সরকার, নিশি শ্রাবণী, ইয়াসমিন সুলতানা লায়লা ও প্রিন্স আলমগীরসহ আরও অনেকে।
এদিকে মাসুম বিল্লাহ রাকিবের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব নকলার সদস্যরা। তারা মনে করেন, এ স্বীকৃতি রাকিবকে পেশাগত জীবনে আরও অনুপ্রাণিত করবে। পাশাপাশি তাঁর এ অর্জন সংগঠনের সদস্যদের জন্যও গর্বের।
উল্লেখ্য, বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সংগীত ও বাঁশির প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। পরবর্তী সময়ে লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানে নিজস্ব গায়কী ও বাঁশির সুরে শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেন তিনি। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পূবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী হইস নারে অবসান’, ‘ওগো ভাবিজান নাউ বাওয়া’ ও ‘মানুষ ধরো মানুষ ভজো’। ২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬