
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মেধা ও মননের স্বীকৃতি শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অন্যতম প্রেরণা। সেই প্রেরণাকে উৎসাহিত করতে কিশোরগঞ্জের হোসেনপুরে গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত ৩২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় গোবিন্দপুর আইডিয়াল স্কুল প্রাঙ্গণে হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহীদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আল আমিন ভূঁইয়া, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল মোমেন, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, উপজেলা জাসাসের সভাপতি আল মাসুদ সোহাগ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আকন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষার পাশাপাশি উৎসাহ ও অনুপ্রেরণার প্রয়োজন। মেধাবীদের যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৃত্তিপ্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীর হাতে অতিথিদের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবিন্দপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সারোয়ার হোসেন রবিন। এতে বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেধাবী শিক্ষার্থীদের এই স্বীকৃতি তাদের আগামী দিনের শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস জোগাবে—এমন প্রত্যাশা আয়োজকদের।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬