কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও পাঁচ বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও আট বছর বয়সী কন্যাসহ অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের মাহমুদুল হক শাহীন (৪০) ও তাঁর ছেলে রাজিন (৫)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী তুহিন আক্তার ও আট বছর বয়সী কন্যা গুরুতর আহত হন।
এ ছাড়া অপর মোটরসাইকেলের চালক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক শাহীন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬