পৈতৃক সম্পত্তিতে মেয়েদের ন্যায্য অধিকার থাকা সত্ত্বেও বাস্তবে নানা অজুহাতে তাঁদের বঞ্চিত করার ঘটনা সমাজে এখনো দেখা যায়। বিশেষ করে বাবার মৃত্যুর পর কন্যাসন্তানদের অসহায়ত্বকে পুঁজি করে সম্পত্তি দখলের চেষ্টা করেন স্বজনদের কেউ কেউ। এমনকি বসতভিটা থেকে উচ্ছেদের মতো ঘটনাও ঘটে। সমাজের এই পরিচিত অথচ নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘অংশীদার’।
নাটকটির গল্পে উঠে এসেছে বাবাকে হারানো দুই বোনের সম্পত্তির অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি নিয়ে চাচা ও তাঁর পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে অন্যায়, ভয়ভীতি ও নানা প্রতিকূলতার মুখে পড়ে দুই বোন। তবে পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করে প্রতিবাদী হয়ে ওঠে বড় বোন। আপনজনদের বিরোধিতা উপেক্ষা করে নিজের প্রাপ্য অধিকার আদায়ে শুরু করে তার লড়াই।
পারিবারিক দ্বন্দ্বের আড়ালে নাটকটিতে গুরুত্ব পেয়েছে নারীর উত্তরাধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়। বিশেষ করে পিতৃহারা মেয়েদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার প্রবণতা এবং সেই পরিস্থিতি মোকাবিলায় তাঁদের অবস্থান নাটকটির গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।
নির্মাতা ইকসান রনি বলেন, ‘অংশীদার’ আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। নাটকটির মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
প্রযোজক কাজী সাইফুল ইসলাম রাজীব বলেন, বিনোদনের পাশাপাশি সমাজসচেতনতামূলক গল্প দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা থাকে তাঁদের। ‘অংশীদার’ তেমনই একটি আয়োজন। নাটকটি দর্শকদের ভালো লাগার পাশাপাশি নারীর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী ও তাসমিয়াহ টিনাসহ আরও অনেকে।
ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘অংশীদার’। টেলিভিশন সম্প্রচারের পর নাটকটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ (KSI Entertainment)-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬