
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক রাজনীতি বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজের পাশাপাশি মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ৪৮ বছর আগে জাতীয়তাবাদী যুবদলের যাত্রা শুরু হয়। দীর্ঘ পথপরিক্রমায় সংগঠনটি দেশের তরুণদের অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
যুবদলের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে রিজভী বলেন, রাজনৈতিক কারণে সংগঠনটির নেতাকর্মীদের দমন-পীড়ন, কারাবরণ ও নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। তবু তারা গণতান্ত্রিক সংগ্রাম ও নিজেদের দায়িত্ব থেকে পিছিয়ে যাননি।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির অগ্রবর্তী শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।
যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে নেতৃত্বের পর্যায়ে এসেছেন। তাদের নেতৃত্ব ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পতনের আন্দোলনে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১১টায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬