পড়াশোনা, উদ্যোক্তা হিসেবে পথচলা, গবেষণা থেকে শুরু করে গণমাধ্যম, অভিনয়, উপস্থাপনা ও সমাজসেবা—জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তরুণ প্রতিভাবান মিথিল। বয়সে তরুণ হলেও বহুমুখী অর্জন ও বৈচিত্র্যময় অভিজ্ঞতায় সমৃদ্ধ তাঁর পথচলা এখন অনেকের জন্যই অনুপ্রেরণা।
শিক্ষা জীবনে শুরু থেকেই মেধাবী মিথিল বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষায় ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেন। বর্তমানে তিনি গবেষণার সঙ্গেও যুক্ত আছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডির বাইরে মাত্র ১৮ বছর বয়স থেকেই উদ্যোক্তা হিসেবে নিজের ভাগ্য গড়ার লড়াই শুরু করেন তিনি। ২০১৯ সালে ‘গার্লস ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্প’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২১ সালে ‘বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড’ এবং ২০২২ সালে ‘রিন অ্যাওয়ার্ড’ লাভ করেন। এছাড়া প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ‘সঠিক এআই’-এর সাবেক সহপ্রতিষ্ঠাতা হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এই তরুণী। ‘মিস শাইনিং ইন্টারন্যাশনাল ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ‘মিস পিস বাংলাদেশ’-এ চতুর্থ রানার্সআপ এবং ‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’-এ ১১তম স্থান অর্জন করেছেন তিনি। তাঁর অর্জনের মুকুটে যুক্ত হয়েছে ‘মিস বাংলাদেশ ইউএস ২০২৬’-এর ফাইনালিস্টের স্বীকৃতি, ‘ব্রেভ হার্ট অ্যাওয়ার্ড’ এবং ‘কোহিনূর ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’-এর সম্মাননা।
শুধু করপোরেট বা আন্তর্জাতিক অঙ্গনেই নয়, সামাজিক শান্তি প্রতিষ্ঠা ও মানবিক কার্যক্রমেও সাজিয়ার সরব উপস্থিতি রয়েছে। দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল পিস’-এর বাংলাদেশ কান্ট্রি কনভেনর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ‘এরাইজ ফাউন্ডেশন’-এর উপদেষ্টা এবং ‘ওয়ার্ল্ড পিস ট্র্যাক্টস’-এর পিস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
গণমাধ্যমেও রয়েছে তাঁর বর্ণাঢ্য অভিজ্ঞতা। ২০২৫ সালে ‘ঢাকা এফএম ৯০.৪’ ও ‘রেডিও আম্বার’-এ পূর্ণকালীন রেডিও জকি (RJ) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘নেক্সাস টিভি’ ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) উপস্থাপনা করেছেন। এ ছাড়া ‘ইমেজ ভিশন প্রোডাকশন হাউজ’-এ প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজ করার পাশাপাশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ভয়েস ডাবিংয়ের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
শিল্প-সংস্কৃতির অন্যান্য মাধ্যমেও সমানতালে কাজ করছেন মিথিল। দীপ্ত টিভি ও একুশে টিভির নাটকে প্রথিতযশা শিল্পীদের সঙ্গে অভিনয়ের পাশাপাশি চলতি বছর বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে বিখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে গান গেয়েছেন তিনি। কৈশোরের লেখালেখির অভ্যাস থেকে দুই বাংলার খ্যাতিমান লেখকদের ‘শতকথার শতগল্প’ সিরিজে স্থান পেয়েছেন তিনি। তাঁর লেখা ও নির্দেশনায় নাটক মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বিভিন্ন মঞ্চে প্রশংসিত হয়েছে। পাশাপাশি চিত্রকলার প্রতি তাঁর অনুরাগ এবং ২০১৮ সালে বাংলাদেশ আনসারের হয়ে জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো বহুমুখী গুণ তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছে।
প্রায় ৩০টি সংগঠনের সঙ্গে কাজ করা এবং চক্ষুদানের অঙ্গীকারের মতো মহৎ কাজের সঙ্গে যুক্ত থাকা মিথিল ভ্রমণের মাধ্যমে দেশের প্রায় অর্ধেক অঞ্চল ঘুরে দেখেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই তরুণী তাঁর কর্মদক্ষতা ও দূরদর্শিতা দিয়ে আগামী দিনে দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬