
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের হাতে আটক হয়েছে ১৮ বস্তা সার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক করা সারের মধ্যে ৯ বস্তা ডিএপি ও ৯ বস্তা পটাশ সার রয়েছে। খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকার খুচরা সার ডিলার তৌফিকের ডিলারশিপ থেকে সারগুলো অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। সারগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, সারবোঝাই গাড়িটি অন্যত্র নিয়ে যাওয়ার সময় তাঁদের সন্দেহ হলে তাঁরা গাড়িটি আটক করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাকিবুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় গাড়িতে থাকা ১৮ বস্তা সার জব্দ করা হয়।
জব্দ করা গাড়ির চালক জানান, তিনি ডিলার তৌফিকের ডিলারশিপ থেকে সারগুলো নিয়ে যাচ্ছিলেন। তবে ডিলার তৌফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চিকিৎসার জন্য গত দুই দিন ধরে রাজশাহীতে অবস্থান করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের নির্দেশনা অনুযায়ী জব্দ করা ১৮ বস্তা সার বিধি মোতাবেক বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬