নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় ১৮ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, কালিয়া উপজেলার বনগ্রামের মনিরুল ইসলামের ছেলে রিমন মোল্যা (২৮), কালডাঙ্গা গ্রামের তহিদ মোল্যার ছেলে আব্দুল আজিজ (৩০) এবং লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নান শেখের ছেলে বাবুল শেখ (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, রোববার সকালে গোপন সংবাদ পেয়ে ডিএনসির একটি দল অভিযান চালিয়ে কালিয়া উপজেলার বনগ্রামের রিমন মোল্যাকে ৪ পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে
আটক করে। পরে একই উপজেলার লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামের বাবুল শেখের বাড়ির পেছনে তেঁতুল গাছের নিচ থেকে আব্দুল আজিজের দেহ তল্লাশি করে ৩ পিস ইয়াবা এবং বাবুল শেখের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করে ডিনএনসি সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারকেরা তাদের জেল-জরিমানা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল শেখ আসামি রিমন মোল্যা ও আব্দুল আজিজকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেন।
এ ছাড়া অপর আসামি বাবুল শেখকে ৩ মাসের কারাদণ্ড ও ৮৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান। দণ্ডপ্রাপ্ত আসামিদের জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬