
খুলনা প্রতিনিধি
বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) জাহাজ ‘এলসিটি-১০৪’-এর আনুষ্ঠানিক লঞ্চিং সম্পন্ন হয়েছে। নতুন এই জাহাজটি নৌবাহিনীর বহরে যুক্ত হলে সামরিক সদস্য ও বিভিন্ন ধরনের যানবাহন পরিবহনের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) খুলনা শিপইয়ার্ডে বেলুন উড়িয়ে জাহাজটির লঞ্চিং কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মাকসুদুল আলম।
খুলনা শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, জাহাজটি একসঙ্গে ৩৫০ জন সেনাসদস্য, তিনটি ট্যাংক অথবা ১১৮টি সামরিক যানবাহন পরিবহনে সক্ষম। কানাডীয় নকশা অনুসরণ করে বিশেষায়িত স্টিল দিয়ে নির্মিত জাহাজটিতে সংযোজন করা হয়েছে শক্তিশালী ক্যাটারপিলার ইঞ্জিন।
নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন তিনটি ল্যান্ডিং ক্রাফট ট্যাংকের মধ্যে এলসিটি-১০৪ তৃতীয় জাহাজ। এসব জাহাজ নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক অভিযান, জরুরি পরিস্থিতিতে সহায়তা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মাকসুদুল আলম বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করছে। নৌবাহিনীকে আরও আধুনিক ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফসহ বাংলাদেশ নৌবাহিনী ও খুলনা শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশীয় জাহাজ নির্মাণশিল্পের সক্ষমতা বিকাশ এবং নৌবাহিনীর আধুনিকায়নে খুলনা শিপইয়ার্ডে এ ধরনের জাহাজ নির্মাণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬