
এম.আর.জে শান্ত
বিদেশি নাটকের গল্প, চরিত্রের পোশাক ও দৃশ্যের সঙ্গে হুবহু মিল—এমন অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে বাংলা ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’। পাকিস্তানের জনপ্রিয় নাটক ‘শইদাই’ থেকে গল্প ও বিভিন্ন দৃশ্য নকল করে নাটকটি নির্মাণ করা হয়েছে বলে দাবি করছেন দর্শকদের একাংশ। তবে অভিযোগের বিষয়ে এখনো মুখ খোলেননি নাটকটির সংশ্লিষ্ট কেউ।
তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন ফারিন খান। নাটকটির গল্প ও দৃশ্যের সঙ্গে ‘শইদাই’-এর মিল নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি এর চিত্রনাট্যকারের নাম না থাকাও আলোচনায় এসেছে।

নাটকটির পোস্টার থেকে শুরু করে ইউটিউবে প্রকাশিত শিল্পী-কুশলীদের তালিকা—কোথাও চিত্রনাট্যকার বা গল্পকারের নাম খুঁজে পাওয়া যায়নি। ফলে নাটকটির গল্পের উৎস ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন সালমা বেগম সুজাতা, আলী রাজ, শতাব্দী ওয়াদুদ, ফারজানা চুমকি, জাহিদ হোসেন শোভন, টাইগার রবি, শাহেদ শাহরিয়ার, সাইফুল ইসলাম বাবু, হাসিমুন নেসা, সাজ্জাদ হোসেন, নিজাম উদ্দিন তামুর, শওকত হোসেন মামুন, মুকুল জামিল, ফারগানা মিল্টন, মাসুদ আলম, জাহাঙ্গীর আলম মুক্তা, সাইমন, সাজল শাহালাম, সাইফুল ইসলাম, সাখাওয়াত রিপন, রফিকুল ইসলাম, আবিদা খান সেহের, শ্রাবণী ফেরদৌস ও কে বি হিমুসহ অনেকে।
গত ১৩ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয় নাটকটির প্রথম পর্ব। পরদিন আসে দ্বিতীয় পর্ব। ১৫ অক্টোবর দুপুর পর্যন্ত প্রথম পর্বটি ৬৯ লাখের বেশি এবং দ্বিতীয় পর্বটি প্রায় ৪৬ লাখের বেশি বার দেখা হয়েছে। দর্শকসংখ্যার দিক থেকে সাড়া পেলেও নাটকটির মৌলিকত্ব নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক দর্শকের পোস্টে বিদেশি নাটকের সঙ্গে ‘প্রথম প্রেমের গল্প’-এর গল্প, চরিত্রের পোশাক ও দৃশ্যের মিল তুলে ধরে প্রশ্ন তোলা হয়েছে। ওই দর্শকের মতে, ইন্টারনেটের সহজলভ্যতায় এখন দেশি-বিদেশি নানা দেশের নাটক সহজেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। ফলে কোনো কাজের সঙ্গে অন্য নাটকের গল্প বা দৃশ্যের মিল থাকলে তা শনাক্ত করাও আগের চেয়ে সহজ হয়েছে।
পোস্টটিতে বাংলা নাটকের চিত্রনাট্য রচনার মান নিয়েও প্রশ্ন তোলা হয়। নিজস্ব গল্প তৈরির ক্ষেত্রে নির্মাতারা পিছিয়ে পড়ছেন কি না, সেই প্রশ্ন তুলে দর্শকটির মন্তব্য, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো পরিচিত অভিনয়শিল্পীদের কাছ থেকে দর্শকেরা আরও মৌলিক ও মানসম্মত কাজ প্রত্যাশা করেন।
বিদেশি নাটক থেকে অনুপ্রেরণা নিয়ে দেশীয় গল্প নির্মাণের চর্চা নতুন নয়। তবে অনুপ্রেরণা আর সরাসরি নকলের মধ্যে পার্থক্য রয়েছে। অভিযোগটি সত্য হলে তা বাংলা নাটকের নিজস্বতা ও সৃজনশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট আলোচকেরা।
অন্যদিকে, ইউটিউবে প্রকাশিত পর্বগুলোতে অনেক দর্শক নাটকটির নির্মাণ ও অভিনয়ের প্রশংসাও করছেন। ফলে একদিকে বিপুল দর্শকপ্রতিক্রিয়া, অন্যদিকে মৌলিকত্ব নিয়ে বিতর্ক—দুই বিপরীত আলোচনার মধ্যে রয়েছে ‘প্রথম প্রেমের গল্প’। তবে পাকিস্তানি নাটক ‘শইদাই’ থেকে নকলের অভিযোগের বিষয়ে নাটকটির পরিচালক, অভিনয়শিল্পী কিংবা অন্য কোনো সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।





