
বিনোদন প্রতিবেদক
ভাইরাসজনিত অসুস্থতায় প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। অসুস্থতার শুরুতে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। এমনকি টানা চার-পাঁচ দিন কথা বলতেও পারেননি তিনি। তবে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন তিনি।
গত সোমবার (১২ অক্টোবর) হাসপাতালে কল্পনাকে দেখতে যান অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো এবং সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার। এ সময় তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সহকর্মীদের কাছে পেয়ে খুশি হন অভিনেত্রী। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ইমরান হাসো জানান, ভাইরাসজনিত সমস্যায় কল্পনার পুরো শরীর আক্রান্ত হয়েছিল। অসুস্থতার শুরুর দিকে তাঁর অবস্থা বেশ গুরুতর ছিল। তবে বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া সম্ভব হতে পারে।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন খালেদা আক্তার কল্পনা। সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করলেও পরবর্তী সময়ে বড় বোন, ভাবি ও মায়ের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। প্রায় ৩৭ বছরের ক্যারিয়ারে পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বর্তমানে আগের মতো নিয়মিত অভিনয় না করলেও মাঝেমধ্যে টেলিভিশন নাটকে দেখা যায় তাঁকে। বড় পর্দায় সর্বশেষ মুন্না খান পরিচালিত ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসুস্থতা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন—এমন প্রত্যাশা তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।





