
খুলনা ব্যুরো
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো ছবি ও তা নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম মোড়ল। তিনি বলেছেন, কোনো একটি ছবি দিয়ে একজন মানুষের দীর্ঘদিনের জীবন, সামাজিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার মূল্যায়ন করা উচিত নয়। ছবি প্রকাশের পাশাপাশি ঘটনার প্রেক্ষাপট যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে সাইফুল ইসলাম মোড়ল জানান, ছাত্রজীবনে তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জীবিকার প্রয়োজনে প্রায় ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রবাসে থাকলেও এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এলাকায় সালেহা ওথান নামে একটি শিক্ষা প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া মসজিদ, মন্দির, স্কুল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা, দুর্যোগকালীন সময়ে এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ, চারটি অক্সিজেন সিলিন্ডার প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নে সহায়তা করেছেন।
২০১৭ সালে মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে আসেন উল্লেখ করে সাইফুল ইসলাম মোড়ল বলেন, দেশে অবস্থানকালে একটি রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন। পরে বিদেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হলে মামলাসংক্রান্ত সমস্যা সমাধানের আশায় খুলনা-৫ আসনের তৎকালীন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেন। ওই সময়ের কিছু ছবি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
নিজের অতীত অস্বীকার করছেন না জানিয়ে তিনি বলেন, কোনো ছবিই একটি ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরে না। তাই পুরোনো ছবি দেখে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট ঘটনার সত্যতা যাচাই করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম মোড়ল আরও অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি তাঁর কাছে অর্থ দাবি করছেন এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। এ বিষয়ে তাঁর কাছে তথ্যপ্রমাণ রয়েছে বলে দাবি করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের পরিবর্তে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়গুলোর আইনসম্মত নিষ্পত্তি চান তিনি।
খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ব্যক্তিগত প্রতিশোধ বা বিভাজন সৃষ্টি নয়, বরং এলাকার উন্নয়ন, মানুষের পাশে দাঁড়ানো এবং দল-মত ও ধর্মনির্বিশেষে সবার আস্থা অর্জনই তাঁর লক্ষ্য।
সাইফুল ইসলাম মোড়ল বলেন, তাঁর বিরুদ্ধে কারও কোনো প্রশ্ন থাকলে তা উত্থাপন করা যেতে পারে। তবে আলোচনা হওয়া উচিত তথ্যের ভিত্তিতে এবং মূল্যায়ন হওয়া উচিত কাজের ভিত্তিতে। তিনি অপপ্রচারের জবাব সত্য দিয়ে, হুমকির জবাব আইনের পথে এবং মানুষের আস্থার জবাব কাজের মাধ্যমে দিতে চান বলেও উল্লেখ করেন।
সাংবাদিক ও এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, তাঁকে কোনো একটি ছবি দিয়ে বিচার না করে তাঁর বক্তব্য শোনা, সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার জন্য।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬