
ঝালকাঠি ব্যুরো
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক নিয়োগ, মনিটরিং সেল গঠন, পর্যবেক্ষণ টিম তৈরি এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় বজায় রাখাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
সভায় বক্তব্য দেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান চপল, জেলা বিএনপি গঠিত পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি বাবু চন্দন পোদ্দার, কমিটির সদস্য সচিব বিষ্ণু ধর এবং সদর উপজেলা পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক পবিত্র বড়াল।
এ ছাড়া মদন মোহন মন্দিরের পূজা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা, কালীবাড়ি মন্দির কমিটির সদস্য নেপাল দেবনাথ, কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, খেজুরা বিষ্ণু মন্দির কমিটির সভাপতি অঞ্জন হালদার এবং বিকনা রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি সুধাংশু হালদারসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।
সভায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই যেন উৎসবের পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপিত হয়, সে জন্য সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন, উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ টিম তৈরি এবং সংশ্লিষ্ট সবার মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজার সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬