নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন ও ফসলি জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ১ লাখ টাকা জরিমানা আদায়সহ ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়।
নবীনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ ইব্রাহীমপুর ইউনিয়নের বাঁশ বাজার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী অভিযুক্তকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। অনাদায়ে শাস্তি এড়াতে অপরাধী ব্যক্তি ঘটনাস্থলেই জরিমানার অর্থ অনায়েসে পরিশোধ করেন।
একই দিনে অপর এক পৃথক অভিযানে ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় আভিযানিক দল। খবর পেয়ে অপরাধী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২টি অবৈধ ড্রেজার এবং আনুমানিক ৭০ থেকে ৮০টি বালু উত্তোলনের পাইপ জব্দ করা হয়। পরে জব্দকৃত ড্রেজার ও পাইপগুলো ঘটনাস্থলেই নষ্ট করে অকার্যকর করে দেওয়া হয়।
ধ্বংস করা এসব সরঞ্জাম ও পাইপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার এবং বালু খেকোদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬