‘ফিরে আসার গল্প’- নিয়ে নতুন যাত্রায় রাজ

Date:

spot_img

এম.আর.জে শান্ত

অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার আগের ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এবার সেই সাফল্যের পর পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান ও দূরত্বের গল্প নিয়ে নির্মিত নতুন ধারাবাহিকটি নিয়ে এসেছেন তিনি। প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহও দেখা যাচ্ছে। বুধবার (৭ অক্টোবর) সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রথম পর্বটি মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে।

‘ফিরে আসার গল্প’-এর নতুন পর্ব প্রকাশ হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায়। ধারাবাহিকটিতে ‘এটা আমাদেরই গল্প’-এর অভিনয়শিল্পীদের বড় একটি অংশকে আবারও একসঙ্গে দেখা যাচ্ছে। অভিনয় করেছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।

নতুন করে যুক্ত হয়েছেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন। প্রায় ১৩ বছর পর একই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। অন্যদিকে রাজের পরিচালনায় অনেক বছর পর নতুন ধারাবাহিকে অভিনয় করছেন জাহিদ হাসান।

নামেই গল্পের মূল আবেগের ইঙ্গিত দিয়েছে ‘ফিরে আসার গল্প’। জীবনের নানা টানাপড়েনে মানুষ কখনো সম্পর্ক থেকে দূরে সরে যায়, তৈরি হয় অভিমান কিংবা ভুল বোঝাবুঝি। আবার সময়ের সঙ্গে সেই মানুষই ফিরে আসে আপনজনের কাছে। সম্পর্কের ভাঙা-গড়া, দূরত্ব পেরিয়ে ফিরে আসার সেই আবেগই ধারাবাহিকটির গল্পের অন্যতম কেন্দ্রবিন্দু।

রাজের ভাষ্যে, ‘ফিরে আসার গল্প’ তার আগের কাজের পুনরাবৃত্তি নয়। পরিবার ও সম্পর্ক দুটি গল্পেরই গুরুত্বপূর্ণ বিষয় হলেও নতুন ধারাবাহিকটির গল্প, চরিত্র এবং সংকট আলাদা। মানুষের সম্পর্কের নানা স্তর এবং সংকটের মধ্য দিয়ে তাদের এগিয়ে যাওয়ার বিষয়টিকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে।

আগের ধারাবাহিকের সাফল্যের পর নতুন কাজ নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না—জানতে চাইলে রাজ বিষয়টিকে চাপ নয়, দায়িত্ব হিসেবে দেখার কথা জানিয়েছেন। ‘এটা আমাদেরই গল্প’ দর্শক যেভাবে গ্রহণ করেছেন, সেটিকে বড় পাওয়া উল্লেখ করে তিনি মনে করেন, সেই ভালো লাগা থেকেই নতুন কাজের প্রতি দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। আর সেই প্রত্যাশা পূরণের দায়িত্বই তিনি নিতে চান।

‘ফিরে আসার গল্প’-এর পোস্টারে লেখা হয়েছে—‘যেখানে সম্পর্কই বড় শক্তি’। নির্মাতার মতে, মানুষের জীবনের সবচেয়ে বড় আশ্রয় মানুষ এবং তার সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক। তাই পরিবার, ভালোবাসা, বন্ধুত্ব, দায়িত্ব ও অভিমানের মতো সম্পর্কগুলোকেই গল্পের বিভিন্ন স্তরে তুলে ধরা হয়েছে। এমন কিছু মুহূর্তও রাখা হয়েছে, যেখানে দর্শক পর্দার চরিত্রগুলোর মধ্যে নিজেদের পরিবার কিংবা কাছের মানুষের ছায়া খুঁজে পাবেন।

ধারাবাহিকটির আবহকে আরও সমৃদ্ধ করতে থাকছে তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত গান এবং অন্য গানটির রয়েছে দুটি সংস্করণ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী। টাইটেল গান ‘ওরে প্রিয়া রে’ লিখেছেন কবির বকুল। ন্যানসির সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

সব মিলিয়ে ‘ফিরে আসার গল্প’ শুধু কোনো একজন মানুষের ফিরে আসার গল্প নয়; বরং দূরত্ব, অভিমান ও ভুল বোঝাবুঝি পেরিয়ে মানুষের মানুষের কাছে ফিরে আসার গল্প। প্রথম পর্বের বিপুল দর্শকপ্রতিক্রিয়া ধারাবাহিকটির সামনে নতুন প্রত্যাশাও তৈরি করেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...