
এম.আর.জে শান্ত
একই মাসে দুই সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন চিত্রনায়িকা মৌ খান। চলতি মাসে ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে বড় পর্দায় দেখা দিয়েছেন তিনি। এবার আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন’। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে ভিন্ন স্বাদের দুটি সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন এই অভিনেত্রী।
নব্বই দশকের তুমুল জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। মূল সিনেমার আবহ ধরে নির্মিত এই রিমেকে তার উপস্থিতি থাকছে বিশেষভাবে। চলতি মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এরপর আগামী ১৬ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’। সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে বিস্তারিত না জানালেও কাজটি নিয়ে বেশ আশাবাদী মৌ খান।

নিজের দুই সিনেমা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। এই মাসে আমার যে দুটি সিনেমা দর্শক পাচ্ছে, দুটিতেই আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন।
‘আবার হঠাৎ বৃষ্টি’তে আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। নব্বই দশকের সেই কালজয়ী আবহের সঙ্গে জড়িয়ে থাকতে পারাটা আমার জন্য অন্যরকম ভালো লাগার।
‘স্নেহের বন্ধন’ নিয়ে মৌ খান বলেন, পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সঙ্গে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, দুটি চরিত্রই দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।
২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু করেন মৌ খান। এরপর বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করছেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত থ্রিলার ও অ্যাকশন ঘরানার ওয়েব ফিল্ম ‘শিকারি’। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এছাড়া জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটিও রয়েছে নির্মাণাধীন।





