বাড়িভাড়া কমানো, ভাড়াটিয়াদের সুরক্ষা বাড়ানো ও উচ্ছেদ বন্ধের দাবিতে স্পেনজুড়ে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। শনিবার মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়াসহ বিভিন্ন শহরে প্রায় ৫০টি মিছিল অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।
শুক্রবার বামপন্থি জোট সরকারের প্রস্তাবিত আবাসন আইন কংগ্রেসে প্রত্যাখ্যাত হওয়ার পরদিনই দেশজুড়ে এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ভাড়া কমানো, উচ্ছেদ বন্ধ এবং বিনিয়োগ তহবিলের সম্পত্তি কেনার ওপর নিষেধাজ্ঞার দাবি জানান। সরকারের ভাষায় এসব বিনিয়োগ তহবিলকে ‘শকুন তহবিল’ হিসেবে অভিহিত করছেন আন্দোলনকারীরা।
মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরের রাজপথে বিক্ষোভকারীদের হাতে ছিল নানা স্লোগানসংবলিত ব্যানার। কোথাও লেখা ছিল, ‘ভাড়াটিয়া শোষকদের জন্য কোনো শান্তি থাকবে না’। আবার কারও ব্যানারে লেখা ছিল, ‘আমি ভবিষ্যতের জন্য পড়াশোনা করি, ছোট্ট একটি অ্যাপার্টমেন্টের জন্য নয়।’
৮৭ বছরের বৃদ্ধার উচ্ছেদ ঘিরে ক্ষোভ
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িভাড়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ৮৭ বছর বয়সি মারিকারমেন আবাসকালকে গত মাসে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওই ঘটনার পরই স্পেনজুড়ে আবাসন সংকট নিয়ে ক্ষোভ আরও তীব্র হয়।
পরে ফ্ল্যাটটির মালিক কোম্পানি উরবাগেস্তিয়ন কম ভাড়ায় তাকে আবার ওই ফ্ল্যাটে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করে। তবে এতে বিক্ষোভ থামেনি। আন্দোলনকারীরা বলছেন, একজনের ক্ষেত্রে সমাধান নয়, বরং সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে।
ভ্যালেন্সিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ
পূর্ব উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শিল্পকলা কেন্দ্র পালাউ দে লেস আর্টস রেইনা সোফিয়ার কাছে একটি আবাসন সম্মেলন চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড সরিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। জবাবে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, সংঘর্ষে নয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদ্রিদে জনসমাগম নিয়ে ভিন্ন হিসাব
রাজধানী মাদ্রিদে শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন হিসাব পাওয়া গেছে। টেন্যান্টস ইউনিয়নের দাবি, বিক্ষোভে প্রায় ৫ লাখ মানুষ অংশ নিয়েছেন। তবে কর্মকর্তাদের হিসাবে এ সংখ্যা ৭০ হাজার।
বিক্ষোভকারীরা হাতে থাকা চাবি ঝাঁকিয়ে স্লোগান দেন—‘পুরো শহরের চাবি আমাদের হাতে।’
আন্দোলনের আগে ডেভিড নামের এক বিক্ষোভকারী আরটিভিইকে বলেন, তারা আনন্দ বা স্বাচ্ছন্দ্যের জন্য রাজপথে নামেননি; বরং নিজেদের বিশ্বাস থেকেই আন্দোলনে অংশ নিয়েছেন।
বাড়ির ঘাটতি প্রায় ৭ লাখ
স্পেনের আবাসন সংকটের চিত্রও উদ্বেগজনক। ব্যাংক অব স্পেনের হিসাবে, আবাসনের চাহিদা ও নতুন নির্মাণের ব্যবধান বিবেচনায় দেশটিতে প্রায় ৭ লাখ বাড়ির ঘাটতি রয়েছে।
জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএনইর ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, এক বছরে স্পেনে বাড়ির দাম বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।
অন্যদিকে রিয়েল এস্টেট কোম্পানি আইডিয়ালিস্তার হিসাবে, আবাসন সংকটের কারণে ২০২৫ সালে দেশটিতে বাড়িভাড়া বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। রাজধানী মাদ্রিদে ভাড়া বৃদ্ধির হার ছিল আরও বেশি—৯ দশমিক ৭ শতাংশ।
ক্রমবর্ধমান বাড়িভাড়া, আবাসনের ঘাটতি ও উচ্ছেদের ঘটনায় স্পেনের আবাসন সংকট এখন দেশটির অন্যতম বড় সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে।:::





