
পবিত্র নগরী মক্কার পর এবার মদিনায় হামলার অভিযোগ উঠেছে। নগরীর একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে এই হামলা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের দায়ী করেছে জোটটি। তবে, এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুথিরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে মদিনায় হামলার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়নি।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ঘটনার তদন্ত এবং হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছে যে হামলাটি হুথিরাই পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।
তবে, হুথিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে গোষ্ঠীটির এক সামরিক কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন। এটিকে ‘মিথ্যা’ বলে দাবি করেন তিনি।
ওই কর্মকর্তা বলেন, মক্কায় হুথিদের হামলার অভিযোগের পক্ষে সৌদি আরব কোনো প্রমাণ দিতে পারেনি। সেই বিষয়টি আড়াল করতেই মদিনার হামলার অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মদিনায় হামলাটি মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ ইসলামের দুই পবিত্র মসজিদকে নিশানা করে হুথিদের হামলার ধারাবাহিক চেষ্টার অংশ।
জোটটির আরও দাবি, এর মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পবিত্র স্থান ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে জোটটি।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মক্কার দক্ষিণে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল সৌদি আরব। তবে, ড্রোনটি ধ্বংস করে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী।





