শিম ২০০, পেঁপে ৩০ টাকা কেজি; ব্রয়লার ১৮০, ডিমের ডজন ১৫৫ টাকা
রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে এখনো স্বস্তি ফেরেনি। সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে আগাম শীতের সবজি শিম—কেজি ২০০ টাকা। বিপরীতে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, কেজি ৩০ টাকা। বেশির ভাগ সাধারণ সবজি কিনতেও ক্রেতাকে গুনতে হচ্ছে ৭০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
শুক্রবার রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। তবে দেশি শসার দাম বেশি—কেজি ৮০ থেকে ১০০ টাকা।
আগাম শীতের সবজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। লম্বা বেগুন ১০০, গোল বেগুন ১২০ এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি। বরবটি, ঝিঙে ও করলা ৮০ টাকা। লাউ ৫০ থেকে ৭০ টাকা এবং কচুরমুখি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে চড়া সবজির বাজারে কিছুটা স্বস্তি দিয়েছে কাঁচা মরিচ। কয়েক সপ্তাহ আগে কেজি ২০০ টাকা পর্যন্ত ওঠা মরিচ এখন সরবরাহ বাড়ায় মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা ইদ্রিস মিয়া বলেন, ‘বেগুন ১০০ টাকা, করলা ৮০ টাকা, ছোট লাউ ৫০ টাকা ও এক পোয়া মরিচ ৪০ টাকা দিয়ে কিনেছি। সবকিছুর দামই বেশি।’
মুরগি-ডিমের বাজারেও স্বস্তি নেই
মুরগির বাজারে চলতি সপ্তাহে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমও আগের উচ্চমূল্যেই রয়েছে। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকা এবং চারটি ৫৫ টাকায়।
ডিম বিক্রেতা মাসুম বলেন, ‘এখন ফার্মের মুরগির ডিমের ডজন ১৫৫ টাকা বিক্রি হচ্ছে।’
মাছেও বাড়তি চাপ
মাছের বাজারে দাম বাজারভেদে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমবেশি হচ্ছে। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০, পাঙাশ ২২০ থেকে ২৩০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০, বড় রুই ৪৫০ থেকে ৫০০, ট্যাংরা ৭০০, ভেটকি ৪০০ থেকে ৫৫০, মৃগেল ২৫০ থেকে ৩০০, বাইম ৬০০ থেকে ৮০০ এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কই ৩০০, পোয়া ২৬০ এবং শোল ৭০০ টাকা কেজি।
চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গুনতে হচ্ছে হাজার টাকার বেশি।
বিক্রেতারা জানান, মাছের দাম আকার, মান এবং জীবিত না মৃত—এসব বিষয়ের ওপরও নির্ভর করে। ফলে একই মাছের দামে বাজারভেদে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬