
বিশেষ প্রতিনিধি
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।
গত শনিবার বেলা ১১টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি চালক ও বাসশ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধর করা হয়। আহত চালককে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক নেতারা ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন। নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিএনজি দূরপাল্লার রুটে চলতে পারবে না। এ নিয়ম অমান্য করায় প্রায়ই সংঘাত ঘটছে।
বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং বিষয়টি তদন্তাধীন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬