
নিউইয়র্ক-নিউজার্সিসহ ৪ অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বন্যা; বিদ্যুৎহীন ১ লাখ ১৯ হাজারের বেশি ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান
উত্তর আটলান্টিক সাগর থেকে সৃষ্ট শক্তিশালী নর’ইস্টারে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে। প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া। পরিস্থিতির অবনতি হওয়ায় নিউইয়র্ক ও নিউজার্সিতে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার সাগর থেকে স্থলভাগে উঠে আসার পর নর’ইস্টারের প্রভাব ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত পূর্ব উপকূলের ১৪টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায়।
ঝড়ের আঘাতে চার অঙ্গরাজ্যে ১ লাখ ১৯ হাজারেরও বেশি বাড়িঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিটি অঙ্গরাজ্যেই ২৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
ঝড়ো আবহাওয়ার কারণে পূর্ব উপকূলের ১৪ অঙ্গরাজ্যে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিমান চলাচল। এ পর্যন্ত ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আরও প্রায় ২ হাজার ৪০০ ফ্লাইটের নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দ্রুত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। সোমবার পর্যন্ত মধ্য-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলে নর’ইস্টারের প্রভাবে উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টিপাত, তীব্র দমকা হাওয়া এবং বিপজ্জনক ‘রিপ কারেন্ট’ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬