
গুলিস্তানে গোপন বৈঠকের অভিযোগ; আওয়ামী লীগের সন্দেহভাজন নেতাকর্মীদের পরিচয় যাচাই করছে পুলিশ
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, কার্যালয়টিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপন বৈঠক করা হচ্ছিল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল পর্যন্ত গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাসদ কার্যালয়ে ক্রাইম পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযান চলে। পরে বিকেল ৪টার দিকে সন্দেহভাজনদের একে একে কার্যালয় থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল বের হয়। সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মিছিলে অংশ নেওয়া কয়েকজন পরে গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন বলে পুলিশের দাবি। এর আগে থেকেই সেখানে শতাধিক ব্যক্তি জড়ো হয়ে বৈঠক করছিলেন। একপর্যায়ে কার্যালয়ের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেলে বিষয়টি জানাজানি হয়।
পরে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নসহ পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। খবর পেয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং সেখানে অনেক বহিরাগত অবস্থান করে বৈঠক করার সুনির্দিষ্ট সন্দেহের ভিত্তিতে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাসদ কার্যালয় ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।





