
সংবিধান সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদে নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে জোটের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জোটের সমন্বয়ক ড. এইচ এম হামিদুর রহমান আজাদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জুনায়েদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
গোলাম পরওয়ার বলেন, সংবিধানের মৌলিক কাঠামো সংসদীয় সংশোধনের মাধ্যমে পরিবর্তনের উদ্যোগকে তারা নীতিগতভাবে সমর্থন করেন না। জুলাই জাতীয় সনদে যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে, সেই পথেই সংবিধান সংস্কারের কার্যক্রম এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, বিএনপির উদ্যোগে জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিরোধী দলের সদস্যদের রাখার প্রস্তাব থাকলেও ১১ দলীয় ঐক্য শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে যাওয়ার বিষয়টি তারা নীতিগতভাবেই প্রত্যাখ্যান করছেন।
গোলাম পরওয়ার আরও বলেন, বিশেষ কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলার সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও এর বিরোধিতা করেছিলেন।
সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের বিষয়টি চলতি বছরের এপ্রিল থেকেই আলোচনায় ছিল। ২৯ এপ্রিল সরকারদলীয় পক্ষ থেকে কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। পরে বিরোধী দল থেকে সদস্য না দেওয়ায় ১৩ জুলাই ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
পরবর্তী সময়ে বিশেষ কমিটির পক্ষ থেকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য প্রতিনিধি দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে ১১ দলীয় ঐক্য সেই আহ্বানে সাড়া না দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেছে।





