
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের জন্য ঘোষিত ৮ দফা দাবি যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, সকাল ৭টায় শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়েছে। জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পানির অভাবে দুর্ভোগে থাকা মানুষের কষ্ট দূর করা, রাস্তা-ঘাট, হাট-বাজার ও টেম্পুস্ট্যান্ডসহ সর্বত্র চাঁদাবাজি বন্ধ করা এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার দাবিও রয়েছে এই লংমার্চে। পাশাপাশি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতেও তারা মাঠে নেমেছেন।
জামায়াত আমির বলেন, ‘এগুলো আপনাদের দাবি, আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় দাবি নিয়ে নামিনি। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন, ৭০ ভাগ মানুষ। সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে অপমানিত করেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নেমেছি।’
তিনি আরও বলেন, জনগণের রায়ের বাস্তবায়ন বাংলাদেশের মাটিতে হবে এবং বিএনপিকে তা করতে বাধ্য হতে হবে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজ ৮ দফা দাবিতে নেমেছি। জনগণের জন্য, জনগণের প্রয়োজনে ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।’
এ সময় তিনি জনগণকে তাদের দাবির পাশে থাকার আহ্বান জানান।
এদিকে শনিবার সকাল থেকেই গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে পথসভাস্থল জনসমাগমে পরিণত হয়।
সকাল ১০টার দিকে ভোগড়া বাইপাসের পথসভায় বক্তব্য শেষে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা শুরু করেন লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাসে পরবর্তী পথসভা হওয়ার কথা রয়েছে।





