
বিশেষ প্রতিবেদক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার তিনি ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে। তবে তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে ডব্লিউএইচও এখনো কোনো ঘোষণা দেয়নি। সংস্থাটির ওয়েবসাইটেও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে এখনো সায়মা ওয়াজেদের নাম ও ছবি রয়েছে।
তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন এবং বাংলাদেশে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তাধীন থাকার মধ্যেই এ পদত্যাগ এলো।
রয়টার্সের দেখা নথি অনুযায়ী, ডব্লিউএইচও তার বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত ৯০১ ডলারের একটি আর্থিক দাবিতে অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ তুলেছিল। সায়মা ওয়াজেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এবং ডব্লিউএইচওর বর্তমান নেতৃত্বের ওপর তার আস্থা নষ্ট হয়েছে। অবৈতনিক ছুটিতে থাকার কারণে দীর্ঘদিন কোনো বেতন বা পারিশ্রমিক না পাওয়ায় আর্থিক চাপও তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সায়মা ওয়াজেদ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তার মেয়াদ ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত থাকার কথা ছিল।
তবে বাংলাদেশে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা হওয়ার পর গত বছর তাকে অবৈতনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।
রয়টার্স আরও জানিয়েছে, ডব্লিউএইচও আনুষ্ঠানিকভাবে তাকে অপসারণের পরিকল্পনা করছিল। আগামী বছরের জানুয়ারিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার, উত্তর কোরিয়া ও পূর্ব তিমোর নিয়ে গঠিত এই অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদটি ডব্লিউএইচওর অন্যতম গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পদ।
বাংলাদেশে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় সায়মা ওয়াজেদ ইতিমধ্যে আদালতে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা ও তদন্ত চলমান রয়েছে।
বর্তমানে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন বলে বিবিসি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬