
প্রযুক্তি ডেস্ক
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম ফোল্ডেবল আইফোন বাজারে এনেছে অ্যাপল। বইয়ের মতো ভাঁজ করা যায় এমন নতুন ফোনটির নাম রাখা হয়েছে ‘আইফোন ডুও’। তবে নতুন নকশার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এর দাম নিয়ে। যুক্তরাষ্ট্রে ফোনটির দাম শুরু হচ্ছে ৩ হাজার ২০০ ডলার থেকে।
অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস দায়িত্ব নেওয়ার দ্বিতীয় সপ্তাহেই কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে ডুও প্রকাশ করেন। টিম কুকের পদত্যাগের পর তিনি অ্যাপলের শীর্ষ দায়িত্ব নেন।
খোলা অবস্থায় আইফোন ডুও অনেকটা ছোট আকারের আইপ্যাডের মতো। ভাঁজ করলে এটি চওড়া আইফোনের রূপ নেয়। অ্যাপলের ভাষ্য, বাজারের প্রচলিত ফোল্ডেবল ফোনের তুলনায় এর নকশা ও ব্যবহার হবে আরও স্বাভাবিক ও সাবলীল।
টার্নাস বলেছেন, আইপ্যাড থেকে অনুপ্রাণিত হয়ে ডুও তৈরি করা হয়েছে। কয়েক বছর ধরে অ্যাপল ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছিল এবং তিনি নিজেও হার্ডওয়্যার বিভাগের দায়িত্বে থাকার সময় এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
বিশ্লেষকদের মতে, নতুন এই ফোন অ্যাপলের জন্য বড় ধরনের বাণিজ্যিক পরীক্ষা। কারণ বর্তমানে ফোল্ডেবল স্মার্টফোন মোট বৈশ্বিক স্মার্টফোন বিক্রির মাত্র প্রায় ২ শতাংশ। অ্যাপলের প্রবেশে বাজার কিছুটা বাড়লেও আগামী দশকে ফোল্ডেবল ফোনের অংশ মোট বাজারের প্রায় ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে।
ফরেস্টারের বিশ্লেষক দীপঞ্জন চ্যাটার্জির মতে, উচ্চমূল্যের কারণে ডুও শেষ পর্যন্ত অ্যাপলের পোর্টফোলিওতে একটি ‘প্রিমিয়াম অলঙ্কার’ হয়েই থেকে যেতে পারে। আবার এটি অ্যাপল ওয়াচের মতো আলাদা একটি সফল বাজারও তৈরি করতে পারে।
একই অনুষ্ঠানে অ্যাপল আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সও উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রে এগুলোর দাম যথাক্রমে ১ হাজার ১৯৯ এবং ১ হাজার ২৯৯ ডলার থেকে শুরু হবে।
অ্যাপল নতুন করে ‘সিরি এআই’ নিয়েও বিস্তারিত জানিয়েছে। আইফোন ১৮ থেকে সিরি ব্যবহারকারীর বার্তা ও ইমেলের তথ্য থেকে প্রয়োজনীয় বিষয় খুঁজে বের করতে, প্রশ্নের উত্তর দিতে এবং ব্যবহারকারীর হয়ে কিছু কাজ করতে পারবে।
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগের জবাবে অ্যাপলের দাবি, অধিকাংশ এআই সুবিধা সরাসরি ডিভাইসেই পরিচালিত হবে। প্রয়োজন হলে ক্লাউড ব্যবহৃত হলেও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এমনভাবে সুরক্ষিত থাকবে, যাতে অ্যাপলও সরাসরি তা দেখতে না পারে।
২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসার পর নকশায় এটিই সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এখন মূল প্রশ্ন, ব্যয়বহুল এই ফোল্ডেবল আইফোন ক্রেতাদের নতুন অভ্যাস তৈরি করতে পারবে কি না, নাকি প্রযুক্তিপ্রেমীদের সীমিত বাজারেই আটকে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬