
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মানুষের পৃথিবী সমৃদ্ধির জন্য সাক্ষরতা —এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেকসোনা খাতুন। সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. রেকসোনা খাতুন বলেন, সাক্ষরতা মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির অন্যতম প্রধান হাতিয়ার। মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশ ও সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সাক্ষরতার কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূর করে সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন। বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জ্ঞান, চিন্তাশক্তি, দক্ষতা ও সচেতনতা বিকাশের অন্যতম মাধ্যম। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে দেশ ও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





