
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে তৃণমূলে ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। ঘোষিত কমিটিকে ‘অযোগ্য’ ও ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে পাঁচ দিনের বিরতির শেষে ফের রাজপথে নেমেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, দীর্ঘদিন দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি নতুন বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে এ ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা ঘোষিত কমিটি বাতিল করে তৃণমূলের মতামত ও রাজপথের সক্রিয়তার ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে যুগ্ম সাধারণ সম্পাদকের স্বাক্ষরে দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ও তৃণমূলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, নতুন কমিটিতে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা অনেক নেতাকর্মীকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন—এমন ব্যক্তিদের কমিটিতে জায়গা দেওয়ার অভিযোগও তোলেন তারা।
তাদের প্রশ্ন, দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে আনা হলে সংগঠনের তৃণমূল কতটা ঐক্যবদ্ধ থাকবে।
এ নিয়ে গত ২৮ আগস্ট নতুন কমিটির নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিলের উদ্যোগ নিলে পদবঞ্চিত নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান।
পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কারণে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচিতে বিরতি দেন তারা। বিরতি শেষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকেছেন, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন এরং মামলা-হামলা শিকার ও জেল খেটেছেন,কমিটি গঠনের ক্ষেত্রে তাদের ত্যাগ ও ভূমিকার মূল্যায়ন করতে হবে। তৃণমূলের মতামত উপেক্ষা করে কোনো কমিটি চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
তারা আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘোষিত কমিটি বাতিল বা পুনর্গঠন করতে হবে। যোগ্যতা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন না করা হলে আন্দোলন আরও জোরালো করা হবে।
পদবঞ্চিত নেতাকর্মীরা দ্রুত কার্যকর সাংগঠনিক সিদ্ধান্তের দাবি জানিয়ে বলেন, তাদের দাবি উপেক্ষা করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে পদবঞ্চিতদের উত্থাপিত অভিযোগের বিষয়ে নতুন কমিটির দায়িত্বশীল নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, কমিটি নিয়ে তৃণমূলের অসন্তোষ দ্রুত নিরসন করা না গেলে এ বিরোধ সাংগঠনিক কার্যক্রমে আরও প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬