
ঝালকাঠি ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি পৌর মিনি পার্কসংলগ্ন সুগন্ধা নদীতে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। সকাল থেকে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জেলা বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমেও গুরুত্ব দেয়। নদী, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে বিএনপির নেতাকর্মীরা ভবিষ্যতেও ভূমিকা রাখবেন।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে সফল করেছে। সুগন্ধা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, নলছিটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপুসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মাধ্যমে সুগন্ধা নদীর মৎস্যসম্পদ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬