ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কেউ কেউ অপতথ্য ও গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়; সবাই বাংলাদেশি। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে সম্মানীর অর্থ তুলে দেন। একই সঙ্গে সারাদেশের আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে সম্মানী দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, সমাজবিরোধী অপশক্তি যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এসব বিষয়ে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য ও শক্তি। এই সম্প্রীতি অটুট রাখতে সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬