দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে নকল স্টার (EASTER) সিগারেট বিক্রির অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে আসল কোম্পানির মোড়ক নকল করে বাজারে নকল স্টার সিগারেট সরবরাহ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বেলতলী রেল স্টেশন, বাহাদুরাবাদ নৌকা ঘাট, দেওয়ানগঞ্জ বাজার, পুলাকান্দি বাজার, খুটারচর মোড়, বাহাদুরাবাদ বটতলা বাজার, ঝালোরচর বাজার, কাঁঠালবিল বাজার, তারাটিয়া বাজার, সানন্দবাড়ী বাজারসহ অধিকাংশ দোকানেই এই নকল স্টার সিগারেট পাওয়া যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নকল সিগারেটের প্যাকেট দেখতে হুবহু আসলের মতো হলেও ভেতরের তামাকের মান অত্যন্ত নিম্ন। এতে একদিকে ভোক্তারা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত খুচরা ব্যবসায়ীরাও।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, "আমরা না বুঝে নিয়ে আসি। পরে কাস্টমার অভিযোগ করে। এই চক্রকে না থামালে আমাদের ব্যবসার সুনাম নষ্ট হবে।"
এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানা প্রশাসন উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। দ্রুত বাজার মনিটরিং করে এই প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
পাশাপাশি দেওয়ানগঞ্জের সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে, কোথাও নকল ইস্টার সিগারেট বিক্রি হতে দেখলে নিকটস্থ থানা অথবা উপজেলা নির্বাহী অফিসার (UNO) কার্যালয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬