
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন ড্রোন ব্যবহার করে কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার (৩১ আগস্ট) ভোরে এই পাল্টা হামলা চালায়।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় জর্ডানের দুটি বিমানঘাঁটির কারিগরি ও যান্ত্রিক অবকাঠামো, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং যুদ্ধবিমান রাখার শেড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একই সঙ্গে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব আরও তীব্র ও বিধ্বংসী হবে।
এর আগে রোববার (৩০ আগস্ট) ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে অবস্থিত দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানায়।
জুলাইয়ের শেষ দিকে সংঘটিত উত্তেজনার পর ইরানের মূল ভূখণ্ডে এটিই ছিল যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো প্রথম সরাসরি হামলা।
মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়ার সময় ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের ওই হামলায় বেশ কয়েকজন সেনাসদস্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এর জের ধরেই তেহরান পাল্টা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইরান।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যদিও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে দুই পক্ষ একটি সাময়িক সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলকে কেন্দ্র করে জুলাই থেকে নতুন করে পরিস্থিতির অবনতি ঘটে।
এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের এই হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬