
নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পালটা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাদের ঘাঁটিতে পালটা হামলা চালায়। এর পরই আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে পৌঁছায়।
বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, মনে হচ্ছে আমরা আবারও উত্তেজনা বাড়ার একটি পর্যায়ে ঢুকেছি। এটি কতদিন চলবে, তা বলা কঠিন—কয়েক দিনও হতে পারে, আবার কয়েক সপ্তাহও চলতে পারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে।





