চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তের দর্শনা, বাড়াদি, বড়বলদিয়া, বুড়িপোতা ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক টহল ও বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮০ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ইকফ সিরাপ, ৩ হাজার ৬৬০ পিস ভারতীয় ডেক্সট্রোমেথরফ্যান ট্যাবলেট, ৫ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৬৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী, ১০টি ভারতীয় শাড়ি এবং ১০টি ভারতীয় কম্বল।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সকল ধরনের অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬