
নবায়নযোগ্য জ্বালানি ও স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ ও মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, স্থানীয় সরকার খাতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বা ওয়েস্ট টু এনার্জি প্রকল্পে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
মীর শাহে আলম বলেন, একটি কর্পোরেশনে চীনের একটি কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছে। ওই কোম্পানি আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে বর্জ্য ও ময়লা-আবর্জনা থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করবে। এ প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে।
তিনি বলেন, ‘ঠিক এই ধরনের রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা করার ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের মন্ত্রণালয় সাধারণত এসব বিষয় নিয়েই কাজ করে। ফলে এসব বিষয় নিয়েই দুই পক্ষের মধ্যে কথা হয়েছে।’
দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়গুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিনি বলেন, ‘এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। আমরা মূলত স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিষয় নিয়েই আলোচনা করেছি।’
স্থানীয় সরকার খাতের উন্নয়ন, পরিবেশবান্ধব প্রকল্প এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।





