
গুম-খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজ করছে।’
বিগত সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও নৈরাজ্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া লিগ্যাসি রাতারাতি পুনর্গঠন করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। একের পর এক ব্যাংক লোপাট হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই অত্যন্ত বাস্তব ও সত্য ছিল।’
বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, চারদিকে অরাজকতা ও নৈরাজ্যের এক ধূসর পরিবেশ বিরাজ করছিল। কে কখন গুম হয়ে যাবে বা কে কখন অদৃশ্য হবে, তার কোনো নিশ্চয়তা ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারবহির্ভূত হত্যার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভীর ভাষ্য, সরকারের ভিন্নমত পোষণ করলেই বিভিন্ন স্থানে লাশ পাওয়া যেত। একজন সাবেক সংসদ সদস্যকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই ‘নৈরাজ্যের ঘন অন্ধকারের’ মধ্যে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্টের পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই তিনি সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে। দুর্যোগ ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে।
রিজভী বলেন, সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য—প্রতিটি ক্ষেত্রেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে।





