
দেশের উন্নয়ন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপি সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছে। তাই দেশের ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, “আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছিলেন। সেই আস্থা ধরে রাখুন। বিএনপি আপনাদের সঙ্গে ছিল, পাশে আছে এবং থাকবে। যতদিন বিএনপি টিকে থাকবে, দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।”
এর আগে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে আয়োজিত সমাবেশে তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা।
সমাবেশে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। এতে তাদের ব্যবসা-বাণিজ্য, চাকরি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অন্যদিকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরাই এতে লাভবান হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা চায়। এসব লক্ষ্য অর্জনে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য আগামী দিনে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে নির্বাচনে জনগণের দেওয়া সমর্থন ও আস্থা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬