
রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একটি বৈধ হওয়ায় অপর মনোনয়নপত্রটি নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন এখন মূল প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে। ১৮ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরই নির্বাচনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬