
রাজিবুল ইসলাম রাজিব
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন করিমনগর এলাকায় এক মোবাইল দোকানদারকে লক্ষ্য করে গুলি করতে গিয়ে তার স্ত্রী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত নারীর নাম শিমুল (৪০)। তিনি করিমনগর এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ৬-৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে করিমনগর এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে যায়। এ সময় তারা হৃদয়ের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। পরে হৃদয়ের মা শিমুল দরজা খুললে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার কোমরের পেছনের অংশে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি বলে জানা গেছে।
এদিকে, ঘটনার প্রকৃত কারণ ও কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। মোবাইল দোকানদারকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছিল কি না, নাকি পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ যায়যায়দিনকে বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬