
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, সুচারু ও যথাযথ মর্যাদায় আয়োজনের লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৯ আগস্ট) এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে বলা হয়েছে, গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।
গঠিত ছয় কমিটির মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে গঠন করা হয়েছে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি।
এ ছাড়া সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে দায়িত্ব পেয়েছে আসন ব্যবস্থাপনা কমিটি। আর আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি।
অফিস আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী প্রতিটি কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে পারবে। পত্রপ্রাপ্তির পর দ্রুত সভা আহ্বান করে নিজ নিজ কমিটিকে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
এ ছাড়া কমিটিগুলোর আহ্বায়করা তাদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে সরকার।





