হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বর্ষার পানিতে থইথই মাঠ আর আষাঢ়-শ্রাবণের রিমঝিম বৃষ্টি গরমের আবহাওয়ায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে রোপা আমন ধান রোপণের ধুম পড়েছে। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাটিতে নেমে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। এতে গ্রামবাংলার মাঠজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। উপজেলার গোবিন্দপুর, জিনারী, পুমদী, শাহেদল, সিদলা ও আড়াইবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে চলছে আমন ধানের চারা তোলা, জমি প্রস্তুত ও সারিবদ্ধভাবে চারা রোপণের কাজ। কোথাও কৃষকেরা নিজেরাই চারা রোপণ করছেন, আবার কোথাও দলবদ্ধভাবে শ্রমিক দিয়ে দ্রুত জমিতে চারা লাগানোর কাজ চলছে। কৃষক সোহরাব মিয়া বলেন, নিচু জমিতে ধানের চারা রোপণ করছি। এসব জমিতে পানির সমস্যা নেই। তবে উঁচু জমিতে কিছুটা কষ্ট হচ্ছে। রোদ উঠলেই পানি দ্রুত শুকিয়ে যায়। তাই জমিতে পানি ধরে রাখতে বাড়তি শ্রম দিতে হচ্ছে।” কৃষকেরা জানান, আমন ধান চাষে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি—সবকিছুর খরচ বেড়েছে। এরপরও ভালো ফলন ও ধানের ন্যায্যমূল্য পাওয়ার আশায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন তারা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হোসেনপুর উপজেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের চারা রোপণের কাজ পুরোদমে শুরু হয়েছে। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুল ইসলাম বলেন, “চলতি মৌসুমে হোসেনপুরে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে পরিচর্যা করতে পারলে কাঙ্ক্ষিত ফলন অর্জন সম্ভব হবে। তিনি আরও বলেন, আমন ধানের জমিতে সঠিক বয়সের চারা রোপণ, প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ, জমিতে পর্যাপ্ত পানি ও নিয়মিত পরিচর্যার বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই দেখা দিলে দ্রুত কৃষি অফিসের পরামর্শ নেওয়ার জন্যও কৃষকদের আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় কৃষি সংশ্লিষ্টদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সময়মতো কৃষি কার্যক্রম সম্পন্ন করা গেলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠে এখন আমন ধানের চারা রোপণের ব্যস্ততা। কয়েক দিনের মধ্যেই বিস্তীর্ণ জমি সবুজে ভরে উঠবে—এমন প্রত্যাশায় কাদামাটি মাড়িয়ে রোদ-বৃষ্টির মধ্যে স্বপ্নের ফসল ঘরে তোলার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন হোসেনপুরের কৃষকেরা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬