
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করছেন।
মাতারবাড়ীতে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখেন। পরে প্রকল্পের অগ্রগতি ও সার্বিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন।
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব জানান, মহেশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যাকবলিত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে করে মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশে রওনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালীর সমন্বিত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬