
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থিতার বিষয়ে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে আগামীকাল রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।
জানা গেছে, ওই বৈঠকে বিরোধীদলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক সমন্বয় আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত চলমান ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জামায়াতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন ১১ দলীয় ঐক্যের বৈঠকে প্রার্থী নির্বাচনের বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।





