ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নে লক্ষাধিক টাকা প্রাইজমানির ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। টুর্নামেন্টকে আরও জমে ওঠার ও প্রাণবন্ত করার লক্ষ্যে ইউনিয়নের অংশগ্রহণকারী ৯টি দলের মাঝে গতকাল শুক্রবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে জার্সি বিতরণ করা হয়েছে।
টুর্নামেন্টের প্রধান আয়োজক ভালুকা উপজেলা যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি তারেক উল্লাহ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জার্সিগুলো সংশ্লিষ্ট দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে তুলে দেন।
জার্সি বিতরণকালে আয়োজক তারেক উল্লাহ চৌধুরী বলেন, “তরুণ সমাজকে মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিকে অম্লান রাখতে এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন।"
তিনি আরও বলেন, মল্লিকবাড়ি ইউনিয়নের ৯টি টিম অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলায় শৃঙ্খলা বজায় রেখে প্রতিযোগিতামূলক মনোভাব প্রদর্শনের জন্য তিনি সকল দল ও খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। জার্সি পেয়ে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আগামী বুধবার ১২ জুলাই শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬