রাজিবুল ইসলাম রাজিব
খুলনা মহানগরীর মোতলেবের মোড় এলাকায় গুলিবর্ষণের ঘটনায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও খুলনা থানা পুলিশের যৌথ দল। পুলিশের প্রাথমিক ধারণা, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কেএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবি ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে খুলনা থানার মোতলেবের মোড় এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক হাওলাদার গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার তদন্তে গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিরালা আবাসিক এলাকার রোড-২৯-এর ই/৪১ নম্বর বাসা থেকে শিবলী হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়নকক্ষে একটি শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের দাবি, গ্রেপ্তার শিবলী হোসেন রুবেল কথিত পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি ও তিনটি চুরির মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ গুলিবর্ষণের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬